দিনাজপুরে ৪২ বিজিবির বিশেষ অভিযান বিরল সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার ৫০০ টাকা।

গত ৩১ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ধর্মজান বিওপি’র একটি টহল দল সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

৪২ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান ও মাদকের অবৈধ প্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত চোরাচালানিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে অপরাধী চক্রের কোনো অপতৎপরতাই নজর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে এবং চোরাচালান চক্রের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবির এই অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।