ধ্বংস থেকে সংস্কার খানসামায় নতুন রূপে ঐতিহাসিক আওকরা মসজিদ

 

রিশাদ হোসেন,খানসামা

দিনাজপুরের খানসামা উপজেলার রানীরবন্দর-পাকেরহাট লোকাল সড়কের পাশে অবস্থিত ঐতিহাসিক আওকরা মসজিদ এখন ধ্বংসস্তূপ থেকে নতুন রূপে ফিরে এসেছে।

প্রায় আড়াইশো বছরের পুরোনো এই স্থাপত্যটি মুঘল আমলে তৈরি হয়েছিল। ইতিহাস থেকে জানা যায়, ১৭৬৬ সালে মীর জালাল বেগ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। এটি দিনাজপুর জেলার অন্যতম প্রাচীন স্থাপনা হিসেবে পরিচিত।

মসজিদটির নামকরণ নিয়ে একটি প্রচলিত ধারণা রয়েছে। ‘আওকরা’ শব্দের অর্থ- কথা বলা। কথিত আছে, একসময় এই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কথা বললে তা প্রতিধ্বনিত হতো, সেই থেকেই স্থানীয়রা এর নাম রাখেন আওকরা মসজিদ। তবে নির্মাণকালীন এর মূল নাম কী ছিল, তা এখনও অজানা।

দীর্ঘদিন সংস্কারের অভাবে মসজিদটির মূল কারুকাজ ও সৌন্দর্য বিলীনের পথে ছিল। পরবর্তীতে ২০১৭ সালে আংশিক সংস্কারের পর থেকে এখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয়ে আসছে। বর্তমানে মসজিদটির সংস্কার কাজ চলমান রয়েছে এবং ধ্বংসপ্রায় অবস্থা থেকে এটি নতুন রূপ পাচ্ছে।

সংস্কারের আগের ধ্বংসপ্রায় আওকরা মসজিদ।
ছবি: রিশাদ হোসেন

মসজিদের নাম অনুসারে পাশেই একটি শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে।

এমন পুরোনো ঐতিহাসিক স্থাপনাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে নতুন রূপে সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এই ধরনের প্রাচীন স্থাপত্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এটি সংরক্ষণের মাধ্যমে নতুন প্রজন্ম তাদের নিজ এলাকার ইতিহাস, ঐতিহ্য ও মুঘল আমলের স্থাপত্যশৈলী সম্পর্কে জানতে পারবে এবং ইতিহাসের প্রতি আগ্রহী হয়ে উঠবে।