গোয়ালডিহি ৫নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আশরাফুল ইসলাম আসাদ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ডের বিভিন্ন চায়ের দোকান, বাজার ও মসজিদ প্রাঙ্গণে নির্বাচন নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে একটি নাম আলোচনায় আসছে, তিনি হলেন মোঃ আশরাফুল ইসলাম আসাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আশরাফুল ইসলাম আসাদ ৫নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন বলে স্থানীয়রা জানান।

সম্প্রতি তিনি ৫নং ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

মেম্বার পদপ্রার্থী আশরাফুল ইসলাম আসাদ বলেন, “আসসালামু আলাইকুম, সম্মানিত ৫নং ওয়ার্ডবাসী। আমি আপনাদেরই সন্তান। আমি নির্বাচিত হলে পদকে ক্ষমতা হিসেবে নয়, দায়িত্ব হিসেবে দেখব।

যুব সমাজকে নিয়ে তিনি বলেন, বর্তমানে যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত হয়ে মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। তিনি যুব সমাজকে মাঠে খেলাধুলার জন্য উৎসাহ দিচ্ছেন এবং নির্বাচিত হলে নিয়মিত খেলাধুলার আয়োজন ও খেলার সামগ্রী বিতরণের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে মাঠমুখী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, তার প্রধান লক্ষ্য হবে একটি মাদকমুক্ত, পরিষ্কার ও স্বচ্ছ ওয়ার্ড গড়ে তোলা। ওয়ার্ডের রাস্তা-ঘাট সংস্কার, সরকারি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করা এবং তরুণ সমাজকে উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করাই হবে তার প্রধান অগ্রাধিকার।

এ বিষয়ে ৫নং ওয়ার্ডের কয়েকজন ভোটারের সাথে কথা বললে তারা জানান, তারা একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধি চান যিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।

উল্লেখ্য, ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরই চূড়ান্ত প্রার্থীদের তালিকা জানা যাবে।