দিনাজপুর জেলা প্রতিনিধি
সীমান্তকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান দমনে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় গত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ দিহানগর বিওপির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ০৫ নভেম্বর ২০২৬ তারিখ রাতে পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দিহানগর বিওপির টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে গেলেও, পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯২,০০০ (বিরানব্বই হাজার) টাকা।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি এই মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।
মাদকবিরোধী এই অভিযানের বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু ব্যক্তির জীবনকেই বিপন্ন করে না, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও আরও জোরদার থাকবে।”