মোঃমোমিনুল ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহবুব উল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত ক্যাম্পাস গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও আন্তঃঅনুষদীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।