বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে। এই দুই আচরণের কারণে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সমন্বয় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। বর্তমান সরকার বলেছিল, নির্বাচিত সরকার আসলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু এখন আইনশৃঙ্খলার আরও অবনতি হয়েছে। দলীয় কোন্দল, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস, রাহাজানি ও ছিনতাই বেড়েছে।

তিনি আরও বলেন, সরকার পুরনো ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী কায়দায় দেশ পরিচালনা করছে। তারা নির্বাচনের আগে এক কথা বলেছে, আর নির্বাচনের পরে বলছে আরেক কথা।

চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সরকার যদি শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতো, তাহলে শ্রমিক আন্দোলন এই পর্যায়ে যেতো না। কোনো শ্রমিকের লাশও দেখতে হতো না। গায়েবানা জানাজা একটি ধর্মীয় কর্মসূচি, সেখানেও বাধা দেওয়া হয়েছে।

তিনি বলেন, অনতিবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নিয়ে তাদের সরকারের আস্থায় নিতে হবে। শ্রমিকরা সরকারের মৌখিক কোনো কমিটমেন্টে বিশ্বাস করছে না।

নাহিদ ইসলাম বলেন, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপির রাষ্ট্রীয় দমন-পীড়ন দেশকে অস্থিতিশীল করছে।

তিনি আরও বলেন, বিএনপি বড় দল হতে পারে, কিন্তু তারা আপসকামী দল। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হলেও তাঁর দলের বেশিরভাগ নেতাই আপসকামী। আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আপস করেছেন, এমন লোকও দলে রয়েছেন। ফলে বিএনপি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না।

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সমন্বয় সভায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সম্পাদকরা অংশগ্রহণ করেন।

সুত্র: জাগো নিউজ