১২ কেজি ওজনের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম এক হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। তবে আমদানিকারক ও ব্যবসায়ীরা এই সিলিন্ডারের দর দুই হাজার ২৩২ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন।
বর্তমানে ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য এক হাজার ৮৩৭ টাকা হলেও ভোক্তাদের এটি কিনতে হচ্ছে দুই হাজার ১০০ থেকে দুই হাজার ৩০০ টাকায়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক প্রকাশ্য গণশুনানিতে মূল্যায়ন কমিটির পক্ষ থেকে এই নতুন দামের প্রস্তাব তুলে ধরা হয়।












